উত্তরের জেলা দিনাজপুরে চার হাত ও চার পা বিশিষ্ট এক ছেলে সন্তানের জন্ম হয়েছে। গত শুক্রবার (৪ জুন) ভোর ৫টার সময় দিনাজপুরের খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিকে স্বাভাবিকভাবেই শিশুটি জন্ম নেয়। এ দম্পতির আগে একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে।
শিশুটি কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর বাবা মো. গোলাম রব্বানীর ও মা রুনা লায়লা।

শিশুটির বিষয়ে বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন জানান, শিশুটিকে প্রাথমিকভাবে শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায়ের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। শিশুটি ও তার মা রুনা লায়লা সকাল ১০টায় ক্লিনিক থেকে সুস্থ অবস্থায় ছাড়পত্র নিয়ে গেছেন। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জরুরিভাবে হাসপাতালে পাঠানো প্রয়োজন বলে জানান ক্লিনিকের পরিচালক। শিশুটির বাবা গোলাম রব্বানী বলেন, ‘মুই গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাও। কেমনে বেটাটার চিকিৎসা করামু, মোর যে টাকা নাই। এই জন্য এখনো বাড়িতেই আছু।’ রব্বানী-লায়লা দম্পতির এটি দ্বিতীয় সন্তান। তাদের প্রথম সন্তান একটি মেয়ে। তার বয়স ছয় বছর।
চিকিৎসকদের ধারনা এটি একটি প্রতিবন্ধি সমস্যা । তবে চিকিৎসার মাধ্যমে এটি স্বাভাবিক করা সম্ভব।