
রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গুদামের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিকদার মেডিকেল কলেজের পাশে অবস্থিত গুদামটিতে এ ঘটনা ঘটে।
এজেআর ওয়ার হাউজের নিরাপত্তা ইনচার্জ মো. রুহুল আমিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ গুদামের ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অফিসে থাকা ল্যাপটপ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সেগুলো নিয়ে যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার আগে তারা আশপাশের এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরাও অকার্যকর করে দেয়, যাতে তাদের শনাক্ত করা কঠিন হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।