
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আদালতের নির্দেশে তদন্তাধীন একটি মামলার তদন্তে গাফিলতি এবং আসামিদের সঙ্গে তদন্ত কর্মকর্তার যোগসাজশের অভিযোগ তুলে ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন রোকেয়া বেগম নামে এক নারী। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ইউনিয়নের কলাকান্দি এলাকার বাসিন্দা।
আবেদনে রোকেয়া বেগম উল্লেখ করেন, গত ১৮ মে ২০২৬ তিনি প্রধান বিচারিক হাকিম (দক্ষিণ কেরানীগঞ্জ আমলি) আদালতে দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৩২৫, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় সিআর মামলা (নং-৭২৪/২৬) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আবেদনে আরও বলা হয়, আদালতের নির্দেশের পর মামলাটির তদন্তভার পান দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। তবে তিনি বাদীর সঙ্গে যোগাযোগ করেননি এবং মামলার সাক্ষীদের জবানবন্দিও গ্রহণ করেননি বলে অভিযোগ করেন রোকেয়া বেগম।
তার অভিযোগ, তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে তাকে জানালেও পরে আদালতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তখন পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
রোকেয়া বেগম আরও অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা আসামিদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের সঙ্গে যোগসাজশ করে মামলার তদন্তে গাফিলতি করেছেন। এ কারণে তিনি পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করে আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে, কোন্ডা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক অভিযোগ করেন, ঋণ করে কেনা একটি রিকশা নিয়ে তাকে থানায় আটক করা হয়। পরে রিকশাটি চুরি হওয়া বলে জানানো হয়। তার অভিযোগ, এ ঘটনায় এসআই জাকির হোসেন ও এসআই কৃষ্ণ তার কাছ থেকে ৯০ হাজার টাকা নেন।
এ ছাড়া স্থানীয় একটি সূত্রের দাবি, কিছুদিন আগে পোড়া মবিল বহনকারী একটি গাড়ি আটক করে এসআই জাকির হোসেন তিন লাখ টাকা নিয়েছেন। বিভিন্ন সময় লোকজনকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে বলে সূত্রটি দাবি করেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই মো. জাকির হোসেন বলেন, তদন্তে আমার কোনো গাফিলতি ছিল না। সঠিক তদন্তের মাধ্যমে আদালতে প্রতিবেদন জমা দিয়েছি।”
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক দক্ষিণ) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sa/ bd/ n