
রাজশাহীতে আবদুল বারীউল ইসলাম (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড়ে এসে মাদক সেবন করে। পরে তারা আবদুল বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে বারী তা দিতে অপারগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতিও হয়।
এর জের ধরে রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল আবদুল বারীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ।
হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা দোকান থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।