
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘুমধুম বিওপির আওতাধীন মন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে থানায় মামলা দায়ের এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।