
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি রাজনৈতিক দল নয়, বরং সমিতি হিসেবে আখ্যায়িত করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি বলেন, “জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া তারা কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সমিতি। এই সমিতির অধীনে যারা রয়েছে, তাদের নিয়েই দলটি নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে।”
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্য খোকন বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।
তিনি আরও বলেন, মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পাশে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করা হবে।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।