
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক ইসলাম (৪৪) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম নগরীর মতিহার থানার এমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল কালাম আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে। বর্তমানে তিনি নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। অভিযানের সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আজাদের বিরুদ্ধে কাটাখালী থানায় পাঁচটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহীর চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আজাদ দীর্ঘদিন ধরে পলাতক মানিক ইসলামের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মানিক চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বর্তমানে এমদাদপুর গ্রামে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার আজাদ ও পলাতক মানিকের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।