
ফরিদপুরের সালথায় ফসলি জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার ও ফসলি জমি নিয়ে মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী তাঁর জমির সীমানায় বেড়া দিতে গেলে নুর ইসলামের সমর্থকেরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে মাঠে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫টি বসতঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে কালাম মুন্সী ও শাহজাহান মাতুব্বরসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।