কলকাতায় গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৬ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কলকাতায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ও তাদের সহযোগীদের কনস্যুলার অ্যাক্সেস নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রথমে দুইজন গ্রেপ্তার হওয়ার পর তাদের জন্য কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়। পরে আরেকজন গ্রেপ্তার হওয়ার পর তার ক্ষেত্রেও একই আবেদন করা হয়েছে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভারত সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (Rapid Action Battalion) বিলুপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তার জন্য বাহিনীটি গঠন করা হলেও গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার এটিকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি মানবিক দল এবং মানবিক সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার প্রতিষ্ঠা ও শক্তিশালী করার লক্ষ্যে দলটি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রাশিয়া থেকে তেল আমদানি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় জ্বালানি মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, যারা দেশে ফিরতে চান বা ফিরতে পারছেন, তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলো। আর যারা এখনো ফিরতে পারছেন না, তাদের নিরাপত্তার বিষয়টিও দূতাবাস থেকে দেখভাল করা হচ্ছে।