
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. সাব্বির (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. সাব্বির ও অজ্ঞাতনামা আরও তিনজন এসে ওই সাংবাদিকের পেশা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়। এ সময় তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত সাব্বিরের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া জিয়নগর, মক্কানগর এলাকায়। তাঁর বাবার নাম ও অন্যান্য ঠিকানা জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ওই সাংবাদিক দৈনিক দুর্নীতি পোস্টের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় জিডি করেছেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।