
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তবে শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে, সেগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা থাকলেও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা জানানো হয়নি বলে পুনর্ব্যক্ত করেন তিনি।