
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি থেকে অপহৃত ১২ বছর বয়সী এক কিশোরীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। এ ঘটনায় মো. শাহা জামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালীর দুমকি থানাধীন শ্রীরামপুর এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী চিপস কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় শাহা জামালসহ কয়েকজন তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে দুমকি থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পর এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
পরে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। ৩ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় মামলার প্রধান আসামি মো. শাহা জামালকেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার শাহা জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আনোয়ার উল্যা।
এসআরবি-১০ জানায়, উদ্ধার করা কিশোরীকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।