
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামীকাল সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটকদের জন্য সাজেক ভ্যালি খুলে দেওয়া হবে।
এর আগে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে সাজেকগামী প্রায় দেড় হাজার গাড়ি উজবাজার এলাকায় আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে পর্যটকেরা সাজেক ও খাগড়াছড়িতে ফিরে যান।