
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সাহাবুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
নিহত হাবেল শেখ ওরফে হাবেল উদ্দিন ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হাবেল উদ্দিন। এ সময় তাঁর ছেলে সাহাবুল ইসলাম ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সাহাবুল সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুল দাবি করেছেন, বাবার গালাগালিতে অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত সাহাবুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।