
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটির ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ ছাড়া আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সহায়তা করেন।
ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, যন্ত্রপাতি ও অন্যান্য শিল্পসামগ্রী থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এ কারণে আগুন পুরোপুরি নেভাতে দীর্ঘ সময় লাগতে পারে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।