
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে এক কারখানার শ্রমিক ও অজ্ঞাতপরিচয় আরও দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে ও দুপুরে পৃথক তিনটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মানিকের পরিবারের অভিযোগ, তিনি আমিরাবাগ এলাকার একটি সিলভার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেলে কাজে যাওয়ার পর রাত ৩টার দিকে কারখানা থেকে ফোন করে জানানো হয়, মানিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত কারখানায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, মানিকের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।
এদিকে, বুধবার দুপুরে আটিবাজার খালের পুরাতন রায়েরচর এলাকা এবং বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় আরও দুই যুবকের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রত্যেক যুবকের বয়স আনুমানিক ২২ বছর। পোস্তগোলা শ্মশানঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল লাল রঙের শর্ট প্যান্ট; তার শরীরে অন্য কোনো পোশাক ছিল না। অন্যদিকে, আটিবাজার এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া যায়।
তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তবে তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ এবং অজ্ঞাতপরিচয় দুই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।