
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো খাতে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। পাশাপাশি মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এ সময় দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় অংশীদার হতে আগ্রহী চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।