
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বুলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দুই শতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত ও সড়কের অংশ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে উচ্ছেদের এক দিন পরই আবারও সেখানে দোকান বসিয়ে ফুটপাত দখল করা হয়। এ পরিস্থিতিতে পুনরায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
প্রশাসন জানায়, যানজট নিরসন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উচ্ছেদের পর কেউ যাতে পুনরায় সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ বা দোকানপাট বসাতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। প্রশাসনের এ উদ্যোগে জনসাধারণের চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।