
বান্দরবানে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্তের ত্রি-সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ৬৩ ও ৬৪ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখা থেকে তাদের আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে আরও ছয়জন ব্যক্তি থানচি হয়ে ত্রি-সীমান্ত এলাকায় যান। একপর্যায়ে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ সীমান্ত অতিক্রম করে শূন্যরেখায় প্রবেশ করেন।
খবর পেয়ে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটজনকে আটক করেন। পরে তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। তবে কী উদ্দেশ্যে তারা ওই সীমান্ত এলাকায় গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে বিজিবির রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, তদন্ত শেষে আটকদের সীমান্ত এলাকায় যাওয়ার কারণসহ বিস্তারিত তথ্য জানানো হবে।