
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের পর চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়। টানা দ্বিতীয় দিনের আন্দোলনে সোমবার (১৬ নভেম্বর) উপাচার্যের দপ্তর ঘেরাওয়ের পাশাপাশি পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। এদিকে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রাত সাড়ে ৮টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নিজ দপ্তরে অবরুদ্ধ ছিলেন। এ সময় আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাংবাদিকরা বক্তব্য জানতে উপাচার্যের দপ্তরে গেলেও তিনি কথা বলেননি।
আন্দোলনকারীদের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। সংস্কারের নামে ঐতিহ্যবাহী ও টেকসই ভবনগুলোর কাঠামো পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা।
এ ছাড়া বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী রাত সাড়ে ৮টার দিকে জানান, আন্দোলন তখনো চলছিল। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ বিষয়ে বৈঠক চলছে।