ঢাকার কেরানীগঞ্জে টিভি দেখা নিয়ে ভাইয়ের সাথে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী বোন শম্পা আক্তার (২২)। আত্মহত্যা করা শম্পার পিতা মো. জয়নাল একজন মাছ ব্যবসায়ী। মডেল থানার মনু ব্যাপারীর ঢাল এলাকার গোপ পাড় আহম্মদের বাড়িতে বসবাস করতো শম্পার পরিবার। শনিবার (৫ জুন) রাত সোয়া ১২টার দিকে ঐ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, শনিবার রাত ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করি। প্রাথমিকভাবে জানা গেছে, টিভি দেখাকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগে-অভিমানে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বোন শম্পা। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।