
৩৯ বছর আগে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের মাটিতে পা রাখেন। ১৯৮৩ সালের ১৬ নভেম্বর দিনটি চিরস্মরণীয় হয়ে আছে শ্রীপুরবাসীর কাছে। এই দিনে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ শ্রীপুরের বৈরাগীর চালা আদর্শ গ্রামে পা রাখেন। দীর্ঘ ৩৯ বছর পরও বৈরাগীর চালা আদর্শ গ্রামের মানুষ ভোলেনি রানির স্মৃতি। রানির পদস্পর্শে শ্রীপুরের মাটিতে শুরু হয়েছিল শিল্পায়ন। রানির কল্যাণেই আজ শ্রীপুর শিল্পাঞ্চল। রানির প্রয়াণে গভীর শোকাহত শ্রীপুরবাসী।

সেদিন রানির আগমন উপলক্ষে সেজেছিল শ্রীপুর। শ্রীপুর রেলস্টেশন থেকে বৈরাগীর চালা আদর্শ গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পিচ ঢালাই করা হয়েছিল। রাস্তার দুপাশে রোপণ করা হয়েছিল গাছের চারা। সাজানো হয়েছিল গ্রামের প্রতিটি বাড়ি। হেঁটে গ্রাম ঘুরে দেখেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। আর রানিকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন শ্রীপুরবাসী।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান গড়ে তুলেছিলেন ওই আদর্শ গ্রাম। নিজ জমিতে প্রতিষ্ঠা করেছিলেন মসজিদ, পোস্ট অফিস, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। গ্রামে ছিল হাঁস-মুরগির খামার, পশু প্রজনন কেন্দ্র, কৃষি সেচের জন্য গভীর নলকূপ ও বিদ্যুৎ সংযোগ।