
ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের ছোবল খেয়েও সেটিকে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিন হাসান রনি (১৫) নামে এক কিশোর সাপের কামড়ে আহত হওয়ার পরও ভয় না পেয়ে সাপটিকে ধরে প্লাস্টিকের বোতলে ভরে বাড়িতে নিয়ে যায়। রনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী বয়ারমারা মোড় এলাকা থেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বাড়ি ফিরছিল রনি। পথে মাঠখোলা নামক স্থানে হঠাৎ একটি সাপ তাকে ছোবল দেয়।
রনির ভাষ্য, সাপটি দেখতে পেয়ে সে পা দিয়ে আঘাত করলে সাপটি আবারও ছোবল দেয়। এরপরও ভীত না হয়ে সে সাপটিকে হাতে ধরে ফেলে এবং দ্রুত বাড়িতে নিয়ে গিয়ে একটি প্লাস্টিকের বোতলে আটকে রাখে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সাপটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এদিকে স্থানীয়ভাবে ঝাড়ফুঁকের ব্যবস্থা করা হয়। দুই দিন পার হলেও রনির শরীরে কোনো ধরনের জটিলতা বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না যাওয়ায় শনিবার বিকেলে সাপটিকে মেরে ফেলা হয়।
রনির বাবা রফিকুল ইসলাম জানান, সাপটি বিষধর নয় বলে তাদের ধারণা ছিল। এজন্য ছেলেকে হাসপাতালে নেওয়া হয়নি। বর্তমানে রনি সুস্থ রয়েছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য আমিনুল এহসান উজ্জল বলেন, রনি সাহসিকতার পরিচয় দিলেও এমন ঝুঁকিপূর্ণ কাজ কারও জন্যই অনুসরণীয় নয়। সড়ক ও জনপথে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, সব সাপ বিষধর নয়, তবে সাপের কামড়কে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। সাপে ছোবল দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তিনি আরও জানান, বন্যপ্রাণী হিসেবে সাপ ধরে রাখা আইনবিরোধী।