কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ড্রাইভার কে অপহরণ করে মুক্তিপণ নেয়ার অভিযোগে দুই সহযোগী সহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। আটককৃত আওয়ামী লীগ নেতার নাম মৃদুল আহমেদ(৩৫)। সে রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় দক্ষিণ ধর্মসুর গ্রামের সাইফ আহমেদের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর দড়িগাঁও এলাকা থেকে ২ সহযোগী ইমরান (৩২) ও নূরে আলম (৩৫) সহ তাকে আটক করা হয়। পরবর্তিতে বুধবার বিকালে ট্রাক মালিক আলমগীর হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করলে সে মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সবজি বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি ট্রাক দরিগাঁও এলাকায় পৌঁছালে ট্রাক ড্রাইভারকে আটকে রেখে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ড্রাইভার বিকাশসহ বিভিন্ন উপায়ে ৬০ হাজার টাকা দিয়ে বাকি ৪০ হাজার টাকা আনার জন্য তাদের কাছ থেকে সময় নিয়ে ট্রাক তাদের জিম্মায় রেখে এলাকা ত্যাগ করে। বিষয়টি ট্রাক মালিককে ড্রাইভার অবহিত করার পর তারা কেরানীগঞ্জ মডেল থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) খালেদুর রহমান জানান, এ ঘটনায় বুধবার বিকেলে ট্রাক মালিক বাদী হয়ে আটক তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানোর পর ৭দিনের রিমান্ড চাইলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আসামিদের জিম্মায় থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট/ টিটু আহমেদ