
ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৯ লিটার বিদেশি মদ ও ৮৩টি বিয়ার ক্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের টেপাখোলা কালীবাড়ি মন্দির, মামুদপুর ও অম্বিকাপুরের চরগিয়ান্দিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১টা ৫০ মিনিটে টেপাখোলা কালীবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার বিদেশি মদ ও ৪৮টি বিয়ার ক্যানসহ শোভন কুমার সাহা ওরফে কৃষ্ণ (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৯৩ হাজার টাকা।

পরে রাত ৩টা ৫৫ মিনিটে মামুদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫টি বিয়ার ক্যানসহ শোভন হাসান পারভেজ (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা বিয়ারের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।
এ ছাড়া ভোর ৫টা ৪৫ মিনিটে অম্বিকাপুরের চরগিয়ান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ লিটার বিদেশি মদসহ মো. আশিক শেখ (২৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ারসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।