
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় উচ্ছেদ অভিযানের পর কিছুদিন ফুটপাত দখলমুক্ত থাকলেও আবারও বসতে শুরু করেছে অবৈধ দোকানপাট। প্রশাসন ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে দোকান বসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সড়কে যানজট ও পথচারীদের চলাচলে ভোগান্তি বেড়েছে।
শনিবার সন্ধ্যায় কদমতলী গোল চত্বর এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকা মুখী লেনের শহীদনগর গলির সামনে থেকে ইবনে সিনা পর্যন্ত দুই সারিতে শতাধিক ভ্রাম্যমাণ জুতার, পোশাক ও খাবারের দোকান বসানো হয়েছে। অন্যদিকে, বিপরীত লেনে বাবুবাজার ব্রিজের ঢাল থেকে দ্বীন ফার্নিচার পর্যন্ত মোবাইল অ্যাকসেসরিজ, ফলসহ বিভিন্ন পণ্যের শতাধিক দোকান গড়ে উঠেছে। এসব দোকানের কারণে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার জানান, কয়েক দিন দোকানপাট বন্ধ থাকার পর স্থানীয় কয়েকজন নেতা ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক অফিসে গিয়ে দোকান বসানোর ব্যবস্থা করেছেন। দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলে নেতাদের দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, দোকান বন্ধ থাকলে তাঁদের সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) শহিদুল আলম স্থানীয় নেতাদের ট্রাফিক অফিসে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও দোকান বসানোর অনুমতি বা ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, সড়কে যানজট সৃষ্টি করে কিংবা পথচারীদের চলাচলে বাধা দিয়ে কাউকে ফুটপাতে দোকান বসাতে দেওয়া হবে না। অবৈধ দোকান উচ্ছেদে ট্রাফিক পুলিশের জিরো টলারেন্স রয়েছে। প্রতিদিনই এ বিষয়ে তদারকি করা হয়। তবে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় শনিবার মহড়া দেওয়া সম্ভব হয়নি। এ সুযোগে দোকানপাট বসানো হয়েছে। আগামীকাল থেকে আবারও অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানের পরও একই এলাকায় পুনরায় ফুটপাত দখলের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।