
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে—এমন ধারণা এখন আর কার্যকর নয় বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের ধারণা দুর্বল হয়ে পড়েছে এবং দূরবর্তী ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনারাও এখন উদ্বিগ্ন।
শুক্রবার (১৩ নভেম্বর) তেহরানে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধে নিহত ১১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির জানাজা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ইজাদি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ এখন ‘কাগুজে বাঘ’ হিসেবে প্রমাণিত হয়েছে। এমনকি হাজার হাজার মাইল দূরে অবস্থান করেও মার্কিন সেনারা নিরাপদ বোধ করছেন না বলে দাবি করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা প্রসঙ্গে আইআরজিসির এই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা, চালকবিহীন উড়োজাহাজ, নৌ সক্ষমতা ও ভূখণ্ড প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে। দেশজুড়ে বাসিজ বাহিনীর সদস্যরাও প্রস্তুত আছেন বলে জানান তিনি।
ইজাদির ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের জনগণ প্রতিরোধের সামনের সারিতে ছিলেন। তাঁর দাবি, ১২ দিনের যুদ্ধ এবং ৪০ দিনের রমজান যুদ্ধের সময় প্রতিপক্ষ সরাসরি সংঘাতে জড়াতে বাধ্য হয়েছিল।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সম্মুখসারির ক্ষেপণাস্ত্র কমান্ডাররা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে দুই টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সামর্থ্য রাখেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় এ সক্ষমতা অর্জন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আঞ্চলিক সামরিক পরিস্থিতি প্রসঙ্গে ইজাদি আরও বলেন, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। মার্কিন বিমানবাহী রণতরিতে অবস্থানরত সেনাদের মনোবল কমে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থান করছে।
এর আগে গত ২১ অক্টোবর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ দ্বীপের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছিলেন ইজাদি। সে সময় তিনি হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনীর কার্যক্রম এবং গোয়েন্দা সক্ষমতার কথা তুলে ধরেন।
তিনি আরও দাবি করেন, উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের সামরিক স্থাপনাগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
ইজাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কার্যকর প্রতিক্রিয়া জানাবে। হুমকির ধরন ও মাত্রা যা-ই হোক, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রস্তুত রয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি