
কেরানীগঞ্জ (ঢাকা):
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বায়নানামার ফটোকপি ঘষামাজা করে জমির মূল্য কম দেখিয়ে ভুয়া দলিল তৈরির মাধ্যমে নিবন্ধনের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা সদরের দলিল লেখক জহিরুল হক এবং জমির সম্ভাব্য ক্রেতা মো. মিলন। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার ফারুক হোসেন বাদী হয়ে তাঁদেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।
সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ মৌজায় আড়াই শতাংশ জমির বায়নাসূত্রে মালিক হন এক ব্যক্তি। ওই জমির ওপর রয়েছে পাঁচতলা একটি বাড়ি। জমিসহ বাড়িটির বায়নামূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ২০ লাখ টাকা।
সম্প্রতি মো. মিলন জমিসহ বাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করেন। দুই পক্ষের আলোচনা চূড়ান্ত হলে বুধবার দুপুরে নিবন্ধনের জন্য দলিল লেখকসহ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান তাঁরা।
অভিযোগ অনুযায়ী, নিবন্ধনের জন্য জমা দেওয়া বায়নানামার ফটোকপিতে ঘষামাজা করে ১ কোটি ২০ লাখ টাকার জায়গায় ২০ লাখ টাকা লেখা হয়। এভাবে জমির মূল্য এক কোটি টাকা কম দেখিয়ে সরকারি রাজস্ব ও নিবন্ধন ফি বাবদ কয়েক লাখ টাকা ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।
কার্যালয়ের কর্মকর্তাদের সন্দেহ হলে তাঁরা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে জমির দাতা জানান, তাঁর অনুমতি ছাড়াই বায়নানামার ফটোকপিতে জমির মূল্য পরিবর্তন করা হয়েছে। পরে দলিল লেখক ও সম্ভাব্য ক্রেতাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কার্যালয়ের এক মোহরার বাদী হয়ে ভুয়া দলিল তৈরির অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।