1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত উৎপাদনকারী কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, কারখানায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় একটি ক্রেন ছিঁড়ে পড়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তরল ইস্পাত ঢালাইয়ের সময় বয়লার বহনকারী ছাদের ক্রেনটি ছিঁড়ে নিচে থাকা ইলেকট্রিক আর্ক ফার্নেসের ওপর পড়ে যায়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।

ঘটনার সময় ধারণ করা ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া ও ধুলার কুণ্ডলী উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে। অনেকে প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উদ্ধার অভিযান জোরদারের কথাও জানান।

আহত ১২ শ্রমিককে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে। তাঁদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে।

এদিকে দুর্ঘটনার পেছনে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, আলিয়াগা তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ও জাহাজ ভাঙা শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। দুর্ঘটনাকবলিত হাবাস ডেমির চেলিক কারখানাটি দেশটির শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews