পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামে পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বিভাগীয় মামলায় অসদাচরণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ এবং সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী বিভাগীয় তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। জনস্বার্থ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।