
কেরানীগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আম্মাজান হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইকুরিয়া, মীরেরবাগ, মোকামপাড়া, ব্যাপারীপাড়াসহ আশপাশের এলাকার তৌহিদী জনতা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.), হযরত আয়েশা (রা.) এবং ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা জানান, সম্প্রতি ইফতেখার জামান অনিক ও জুনায়েদের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তার করায় সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
তাদের দাবি, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্মীয় অবমাননার অভিযোগের ক্ষেত্রে কঠোর আইন ও সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, তারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চান না। শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে তাদের দাবির বাস্তবায়ন চান তারা। একই সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা ২০১৩ সালের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে ভবিষ্যতে যাতে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।