
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।
আহত অন্তর সরকার জানান, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তার বাবা মিতাই সরকার ও রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা কয়েকজন ব্যক্তি তাদের অটোরিকশার গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি ছোড়েন। এতে অন্তর ও রাজিব গুলিবিদ্ধ হন।
অন্তর সরকারের দাবি, হামলাকারীরা স্বর্ণালংকার রাখা একটি টিফিনবাক্স ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই বাক্সে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাস্থল থেকে পালানোর সময় দুর্বৃত্তরা কয়েকটি বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।