1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের পৃথক অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট ও বাস্তা ইউনিয়নের কদমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা এলাকার মৃত হাজী আনোয়ার শেখের ছেলে মো. রাসেল শেখ (৪২) এবং সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. নাজির হোসেন (৩৬)।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই মহরম আলীর নেতৃত্বে ডিবির একটি দল রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট এলাকায় স্বাধীনতা টাওয়ারের সামনে থেকে রাসেল শেখকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসআই প্রদীপ চন্দ্র দাসের নেতৃত্বে ডিবির আরেকটি দল রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কদমপুর এলাকায় মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার সামনে থেকে নাজির হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবিপুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews