
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম কমে যাওয়ায় দীপাবলি ও ধনতেরাস উৎসবকে সামনে রেখে কেনাকাটার পরিকল্পনা বদলাচ্ছেন ক্রেতারা। কেউ স্বর্ণের কয়েন ও বার কেনার দিকে ঝুঁকছেন, আবার কেউ পুরোনো গয়না বিক্রি বা বদলে নতুন ও হালকা গয়না কেনার কথা ভাবছেন।
সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসের তুলনায় স্বর্ণের দাম কমায় উৎসবের মৌসুমে কেনাকাটার সুযোগ দেখছেন ক্রেতারা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্বর্ণ কেনার পরিকল্পনা করছিলেন, তারা বর্তমান বাজার পরিস্থিতিতে কেনাকাটায় আগ্রহী হয়ে উঠেছেন।
স্বর্ণ কেনাবেচা প্রতিষ্ঠান সেলইওরগোল্ড ডট এইএর রিশি ভায়া বলেন, স্বর্ণের দামে উল্লেখযোগ্য দরপতন হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যেই নতুন করে আগ্রহ তৈরি হয়। দাম আরও বাড়ার আশায় যারা বিক্রি করা থেকে বিরত ছিলেন, তারা এখন গয়না বিক্রিতে আগ্রহী হচ্ছেন। অন্যদিকে দাম কমায় নতুন ক্রেতারাও বাজারে আসছেন।
পিস অব ইউ জুয়েলারির প্রতিষ্ঠাতা আমরিন ইকবাল জানান, অনেক ক্রেতা দীর্ঘদিন অব্যবহৃত থাকা পুরোনো গয়না বিক্রি করে সেই অর্থ দিয়ে ছোট বা হালকা গয়না কিনছেন। কেনাকাটার আগে তারা স্বর্ণের বাজারদর, পুরোনো গয়না বদলের শর্ত এবং পুনরায় বিক্রির সুযোগও যাচাই করছেন।
তার মতে, উৎসবের সময় স্বর্ণ কেনার সাংস্কৃতিক ঐতিহ্য এখনো গুরুত্বপূর্ণ। তবে বড় ও ভারী গয়নার পরিবর্তে স্বর্ণের কয়েন, বার এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা গয়নার প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
পুরোনো গয়না বদলের ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে বিক্রি ও নতুন গয়না কেনার পরামর্শ দিয়েছেন রিশি ভায়া। এতে আলাদা দুটি লেনদেনের খরচ এড়ানো সম্ভব। পাশাপাশি গয়নায় রত্নের সংযোজন এবং স্বর্ণের বিশুদ্ধতার পার্থক্য কীভাবে দাম নির্ধারণে প্রভাব ফেলে, সে বিষয়েও ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
দীপাবলি ও ধনতেরাসে স্বর্ণ কেনার ঐতিহ্য ধরে রাখতে চান আমিরাতে বসবাসরত ভারতীয়রাও। তবে এবার অনেকেই বড় গয়নার পরিবর্তে ভবিষ্যতের সঞ্চয় হিসেবে স্বর্ণের কয়েন কেনার পরিকল্পনা করছেন।