
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বঙ্গবন্ধুএক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক চুনকুটিয়া—কদমতলী অংশের বেগুনবাড়ি অংশে আন্ডার—পাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
শুক্রবার জুমুআ নামাজের পর ভুক্তভোগী পাঁচ শতাধিক এলাকাবাসী বেগুনবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে চুনকুটিয়া চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় এলাকাবাসী অচিরেই বেগুনবাড়ি এলাকার জনসাধারণের চলাচলের জন্য আন্ডার—পাস অথবা বিকল্প রাস্তা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন। ভুক্তভোগী এলাকাবাসী জানান,শুভাঢ্যা খালের ওপর আণ্ডার পাস না রেখে বেগুনবাড়ি ব্রিজ নির্মিত হওয়ায় বেগুনবাড়ি এলাকার জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।
এখানে একটিমাত্র মসজিদ, মাদ্রাসা,হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে এলাকাবাসীর যাতায়াতে চড়ম ভোগান্তি হচ্ছে। এছাড়া বেগুনবাড়ি এলাকার পশ্চিম পাশের লোকজন জানাজার জন্য মসজিদে লাশ নিয়ে আসতে প্রায় আধা কিলোমিটার ঘুরে মসজিদে আসতে হয়। তাই এই অসুবিধাগুলো দূর করতে অচিরেই এখানে একটি আন্ডার পাস দরকার।