
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর সন্ধ্যায় পূজামণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। এ সময় উত্তর ও মধ্য কলকাতায় প্রবল বৃষ্টি শুরু হলে মণ্ডপের ভেতরে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বৃষ্টি থেকে বাঁচতে বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক দর্শনার্থী মণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ঠেলাঠেলির মধ্যে কয়েকজন পড়ে গেলে পদদলনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মণ্ডপের ভেতরে থাকা বৃত্তাকার উঁচু করিডোরে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে হুড়োহুড়ির সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর আহতদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। পূজার আয়োজক বিকাশ দাস জানান, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়াকেই প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে পৌঁছেছেন। তবে হতাহতের সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
ঘটনাটি ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।