
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তুরাগ নদসংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পিবিআই সদর দপ্তর জানায়, তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়। পরে সেটি তাহসিফ সাউরির বলে শনাক্ত করা হয়।
পিবিআই আরও জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় পিবিআই ছায়া তদন্ত পরিচালনা করছে এবং নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। ছায়া তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
তাহসিফের বাবা জানান, ২৭ অক্টোবর পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে দ্বীপ নামে এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তাঁর ছেলে। এরপর আর ফিরে আসেননি।
এদিকে, মৃত্যুর আগে তাহসিফের চলাচল নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এতে বন্ধু দ্বীপের সঙ্গে তাঁকে হাত মেলাতে দেখা যায়। পরে দুজনকে আলাদা মোটরসাইকেলে করে বাসা থেকে বের হতে দেখা যায়।
তাহসিফের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মাজার বস্তি এলাকা থেকে তাঁর মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।