
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার আসামি সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হয়। আবেদনটি যাচাই-বাছাই ও পর্যালোচনার প্রয়োজন হওয়ায় শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এর আগে সকালে এ মামলায় গ্রেপ্তার থাকা নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
মামলার ৪১ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৩০ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে ইতোমধ্যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শাপলা চত্বরের ওই ঘটনায় মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
আগামী ১২ নভেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।