
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ পঞ্চম ধাপের ভোট হবে ২৭ মে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়নে নির্বাচন হবে।
এ ছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়নে নির্বাচন আয়োজন করবে ইসি।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ে নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এর মাধ্যমে ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তবে বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় প্রথম ধাপসহ পাঁচ ধাপের ইউনিয়ন ও উপজেলার সংখ্যা সংশোধিতভাবে জানানো হয়েছে।
এদিকে নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। প্রাথমিকভাবে তিন ধাপে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।