1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের অভিযোগ, মধ্যস্থতায় চলে দর-কষাকষি নভেম্বরের ২২ দিনে দেশে প্রায় ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স ইন্ডিয়া বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে: নিপুণ রায় টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ৬১৮২ টাকা হ্রাস ‘সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না’, শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১ পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ

কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের অভিযোগ, মধ্যস্থতায় চলে দর-কষাকষি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ছবিটি, এআই দ্বারা নির্মিত

 

দলিলে ত্রুটি দেখিয়ে নিবন্ধন আটকে রাখার অভিযোগ, পরে ১০ থেকে ১৫ হাজার টাকায় সমাধান; নীরব সাব–রেজিস্ট্রার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল নিবন্ধন করতে গিয়ে হয়রানি ও অনিয়মের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। কখনো দলিলে ত্রুটি দেখিয়ে নিবন্ধন আটকে রাখা, আবার কখনো জমা দেওয়া দলিল ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে। পরে অফিসের নকলনবিশ ও উমেদারের মাধ্যমে অর্থের বিনিময়ে সেই দলিল নিবন্ধনের ব্যবস্থা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ প্রক্রিয়ায় সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদারের নামও উঠে এসেছে।

ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার সরাসরি কারও কাছ থেকে টাকা নেন না। তাঁর হয়ে অফিসের নকলনবিশ ফেরদৌস ও উমেদার সেলিম মধ্যস্থতা করেন। তাঁদের মাধ্যমে অর্থের প্রস্তাব পৌঁছায় সাব-রেজিস্ট্রারের কাছে। প্রস্তাবিত অর্থে সম্মতি মিললে ফেরত দেওয়া দলিল পুনরায় জমা দিতে বলা হয়। এরপর নিবন্ধন সম্পন্ন হয়। আর প্রস্তাবিত অর্থ পছন্দ না হলে দর বাড়ানোর কথাও জানানো হয় সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির ভাষ্য, এ ধরনের দর-কষাকষিতে অনেক সময় দলিল লেখক কিংবা তাঁদের সহকারীরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। ফলে জমি কেনাবেচার চূড়ান্ত পর্যায়ে এসে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হন সেবাগ্রহীতারা। দলিল নিবন্ধন আটকে যাওয়ার আশঙ্কায় অনেকেই প্রতিবাদ করার সাহস পান না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, ‘আমরা তো নিরুপায়। জমি কেনাবেচার ক্ষেত্রে দাতা ও গ্রহীতা আগেই টাকা লেনদেন করে ফেলেন। শেষ মুহূর্তে দলিল নিবন্ধন না হলে উভয় পক্ষই সমস্যায় পড়েন। এই সুযোগ নেওয়া হয়। দলিল আটকে গেলে নিবন্ধন সম্পন্ন করতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে হয়।’

এ ধরনের অভিযোগের একটি উদাহরণ দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বাসিন্দা আম্বর আলী। তাঁর দাবি, দক্ষিণ কেরানীগঞ্জের চর গলগলিয়া মৌজায় তাঁর বাবার নামে ১৩ শতাংশ জমি রয়েছে। জমির নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ থাকার পরও বোন মাসুদাকে নিজের অংশ হেবা দলিল করে দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন তিনি।

আম্বর আলীর ভাষ্য, সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদারের কাছে দলিল জমা দিলে দাতার নামে নামজারি ও খাজনা নেই—এমন কারণ দেখিয়ে সেটি ফেরত দেওয়া হয়। পরে অফিসের নকলনবিশ ফেরদৌসের মাধ্যমে ১৫ হাজার টাকা দেওয়ার পর দলিলটি নিবন্ধন করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও দলিল আটকে রেখে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

একই ধরনের অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক দলিল লেখক। তিনি জানান, একটি মর্টগেজ দলিল নিবন্ধনের জন্য জমা দিলে সেকশন লেটারে অসংগতি রয়েছে বলে আপত্তি তোলা হয়। পরে ১০ হাজার টাকা দেওয়ার পর দলিলটি নিবন্ধন করা হয়েছে বলে তাঁর দাবি।

এদিকে জমি নিবন্ধনের নিয়ম ও প্রক্রিয়া নিয়েও ভোগান্তির অভিযোগ তুলেছেন সেবাগ্রহীতা নাসির উদ্দীন। তিনি বলেন, তাঁর কয়েকজন আত্মীয় চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ৫৮ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। একজন ক্রেতা না পাওয়ায় দুই ব্যক্তি ২৯ শতাংশ করে জমি কেনেন। দুই ক্রেতা পৃথক দলিল নিবন্ধনের জন্য গেলে সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদার একই দিনে দুটি দলিলে জমি বিক্রি করা যাবে না বলে জানান। পরে অর্থ লেনদেন সম্পন্ন হয়ে যাওয়ায় বাধ্য হয়ে দুই ক্রেতা একটি দলিলের মাধ্যমে জমি নিবন্ধন করেন। এতে তাঁদের বিড়ম্বনায় পড়তে হয় বলে জানান তিনি।

জনবল সংকটেও ব্যাহত সেবা

অফিস-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বছরে প্রায় ১৫ থেকে ১৬ হাজার দলিল নিবন্ধন হয়। বিপুলসংখ্যক সেবাগ্রহীতার চাপ থাকলেও দীর্ঘদিন ধরে অফিসটিতে জনবল সংকট রয়েছে।

সূত্রগুলোর তথ্যমতে, অফিস সহকারী ও পিয়নের পদ শূন্য। টিসি মোহরার একজন থাকলেও মোহরারের দুটি পদই খালি রয়েছে। তাজুল ইসলাম নামে একজনকে পিয়ন পদে পদায়ন করা হলেও তিনি প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত বলে অভিযোগ রয়েছে। এতে নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।

সেবাগ্রহীতাদের অভিযোগ, জনবল সংকটের সুযোগে দলিল নিবন্ধনে অযৌক্তিক আপত্তি, দলিল ফেরত দেওয়া এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থের দর-কষাকষির মতো ঘটনা ঘটছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হয়রানিমুক্ত নিবন্ধনসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

সাব–রেজিস্ট্রারের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে সোমবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান এ প্রতিবেদক। সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদারের কাছে দলিল আটকে রাখা, মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থের দর-কষাকষি এবং অর্থের বিনিময়ে নিবন্ধনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews