জনগণে রায়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি। এ কথা বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে হাসিনা।
শুক্রবার (৮ আগস্ট) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভা করে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো। যেখানে অংশ নেন- ১২ দলীয়- সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টি’র শীর্ষ নেতারা। এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছ। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্খা প্রকাশ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কলকাতায় অফিস খুলে হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে, সবাইকে সজাগ থাকার আহবান জানান।
সকালে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় শতবছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য বিএনপি কোনো যুক্তিযুক্ত কারণ দেখে না। কিছু কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে ধরে নিয়েছে যে, নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা পিআর সিস্টেমের কথা বলে।