
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয়দের ধারণা, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই তরুণীকে ভবনটির ওপর থেকে নিচে ফেলে দিয়ে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট যৌথভাবে কাজ করছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।