
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাব-এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য এসএম মুন্না মিয়া আর নেই। শনিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
রোববার (২৫ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় ডিএসইসি নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘ কর্মজীবনে এসএম মুন্না মিয়া দৈনিক মানবকণ্ঠ ছাড়াও দৈনিক সমকাল, আমার দেশ, জাগরণ ও নয়া শতাব্দীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।