
ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে নবাবগঞ্জ থানার আমিরপুর মাঠের পাশে যুবসংঘ ক্লাবের সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আপন ইসলাম নূর (২০), শ্রাবণ (২৩) ও আসিফ (২২)। পুলিশ জানায়, তাঁদের মধ্যে আপন ইসলাম নূরের কাছ থেকে ৩০ পিস, শ্রাবণের কাছ থেকে ১০ পিস এবং আসিফের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই সিরাজ-উদ দৌলাহসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।