
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, এ ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
রোববার (১ নভেম্বর) টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
নৌ পুলিশের সূত্র জানায়, বর্তমানে দীপের আগের বক্তব্য, পরিবারের দায়ের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া বিভিন্ন আলামত মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজন হলে পুনরায় রিমান্ডের আবেদন করা হতে পারে।
তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।