1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মঞ্চে অভিনয়ের সময় অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুল ইসলাম সেলিম দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশনবিরোধী মিছিল, পাল্টা কর্মসূচি বিজেপির ঢাকায় নতুন ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: বান্ধবী দিশা গ্রেপ্তার রাজনীতির সব সমস্যার সমাধান হতে হবে সংসদে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল পটুয়াখালীর দুই কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য, একটিতে শিক্ষক মাত্র একজন শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি ১২ নভেম্বর ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ,  বিজিবি মোতায়েন পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন বোর্ড গঠন অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, নির্ধারণ হচ্ছে নিবন্ধন ফি ও গতিসীমা

দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশনবিরোধী মিছিল, পাল্টা কর্মসূচি বিজেপির

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশনবিরোধী মিছিল, পাল্টা কর্মসূচি বিজেপির

 

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। অন্যদিকে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহতদের স্মরণে পাল্টা মিছিল করছে ক্ষমতাসীন বিজেপি। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) এসব কর্মসূচি ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিরোধী জোটের কর্মসূচিতে অংশ নিচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এম এ বেবি ও তেজস্বী যাদবসহ বিভিন্ন দলের নেতারা।

নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি বিরোধীদের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে বিরোধী জোট। এ দাবিতে ‘চলো দিল্লি, ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে রামলীলা ময়দানের উদ্দেশে মিছিল করছেন জোটের নেতাকর্মীরা।

কংগ্রেস, সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় জনতা দলের পাশাপাশি বামপন্থি দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মীও কর্মসূচিতে অংশ নিয়েছেন। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও হরিয়ানা থেকেও দলীয় কর্মীদের দিল্লিতে নিয়ে এসেছে কংগ্রেস।

এর আগে শুক্রবার বিরোধীদের এক কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছয় দফা অভিযোগসংবলিত একটি প্রতীকী প্রস্তাব উত্থাপন করেন। এতে ১৩ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া, ভোটার তালিকা সংশোধনে অনিয়ম এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়।

তবে বিরোধীদের এ কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেছে বিজেপি। দলটির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বিক্ষোভের সমালোচনা করে একে গণতন্ত্রের প্রতি অসম্মান বলে অভিহিত করেছেন।

নিরাপত্তায় ১০ হাজার সদস্য মোতায়েন

বিক্ষোভ ও পাল্টা কর্মসূচি ঘিরে দিল্লির কেন্দ্রীয় ও নয়াদিল্লি এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর মধ্যে রয়েছে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, সিআরপিএফ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স।

রামলীলা ময়দান থেকে মিন্টো ব্রিজ পর্যন্ত এলাকায় অন্তত চার হাজার নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কনট প্লেস, যন্তর মন্তর, ভগবান দাস সড়ক, সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কার্যালয়ের আশপাশে বসানো হয়েছে একাধিক স্তরের ব্যারিকেড।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিকল্প পথ ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

শিখবিরোধী দাঙ্গার স্মরণে বিজেপির মিছিল

বিরোধীদের কর্মসূচির পাল্টা হিসেবে পশ্চিম দিল্লিতে পৃথক মিছিল করছে বিজেপি। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহত ব্যক্তিদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করেছে দলটি।

বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৮৪ সালের দাঙ্গার বার্ষিকীতে কংগ্রেসের সমাবেশ আয়োজনের বিষয়টি তাদের কাছে আপত্তিকর।

হরি নগর বাস ডিপো থেকে তিলক নগর মেট্রো স্টেশন পর্যন্ত অনুষ্ঠিত মিছিলে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা, এইচ এস ফুলকা, মনজিন্দর সিং সিরসা এবং বিজেপি সংসদ সদস্য বাঁসুরি স্বরাজ।

দিল্লিতে একই দিনে দুই রাজনৈতিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews