
পাবনা প্রতিনিধি:
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সাড়ে ৮ ঘণ্টা পর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে জাতীয় গ্রিড থেকে ইউনিটটির বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী কারিগরি পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে রূপপুরের প্রথম ইউনিট। সংযোগের ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে রাখা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেম, টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য পরীক্ষা করা হবে।
প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদনের পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে কেন্দ্রটির বিভিন্ন কারিগরি ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় শেষে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের কাছ থেকে কেন্দ্রটির দায়িত্ব প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।