
কুমিল্লায় নৈরাজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬১ জন সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ২১১ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন থানায় নাশকতার মামলায় আরও ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নাশকতার পরিকল্পনার অভিযোগে গাড়ি থেকে পেট্রোলবোমাসহ আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।