
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাগনা হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান (৩৪) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান শরীয়তপুরের গোসাইরহাট থানার তারুলিয়া এলাকার ইব্রাহিম আকনের ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জের ভাগনা হিজলতলা এলাকায় বসবাস করতেন। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সিরাজ-উদ-দৌলাহ।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১০ জুন ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে (২০০৯, সংশোধনী ২০১৩) একটি মামলা রয়েছে। ওই মামলার নম্বর ৩৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।