
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ২০টি তাজা ককটেলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আকাশ হোসেন (২১) ও মো. নাজিম আহমেদ (১৯)। তারা দুজনই কেরানীগঞ্জ মডেল থানার সিরাজনগর এলাকার বাসিন্দা। আকাশের বাবার নাম শমশের আলী এবং নাজিমের বাবার নাম দিদার হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কালিন্দী এলাকা থেকে ককটেল নিয়ে কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় যাচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আটি নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। দুপুর সাড়ে ১১টার দিকে একটি চলন্ত সিএনজির গতিরোধ করে তল্লাশি চালানো হলে দুই যুবকের কাছে থাকা বাজারের ব্যাগে বালুর মধ্যে লুকানো ২০টি ককটেল পাওয়া যায়।
পরে আটক দুজন ও উদ্ধার করা ককটেল থানায় নেওয়া হয়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকার একটি নির্জন মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস জানান, নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো কালিন্দী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।